
কৃষি তথ্য সার্ভিস এর মিডিয়া কার্যক্রম
কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি উন্নয়ন সহায়ক গণযোগাযোগ সংস্থা। তদানীন্তন পাকিস্তান সরকারের খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৬১ সনে কৃষি তথ্য সার্ভিসের গোড়াপত্তন হয়। প্রাথমিকভাবে তৎকালীন পল্লী উন্নয়ন সংস্থার তথ্য শাখার কর্মচারী, কৃষি পরিদপ্তরের কৃষিকথা ইউনিট ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র শাখার সম্বনয়ে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম চালু হয়। পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে এর কার্যপরিধি বিস্তৃতি লাভ করে। সৃষ্টির শুরু থেকেই এ দপ্তর কৃষি, বন, মৎস্য, পশুপালন, কৃষি বাজার ও সমবায়বিষয়ক সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাজে তথ্য প্রচারণা সহায়তা দিয়ে আসছে। বর্তমানে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বন অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিএডিসি ও কৃষি মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানসহ প্রায় ২৮টি প্রতিষ্ঠানকে কৃষি তথ্য সার্ভিস তথ্য সহায়তা দান করে আসছে। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধিতে সমপৃক্ত এনজিওগুলোকেও এ দপ্তর সহযোগিতা প্রদান করে আসছে।
বিভিন্ন গণমাধ্যমের সফল ও যৌক্তিক ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি ও তথ্যসমূহ কৃষকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি দেশে আধুনিক কৃষি ব্যবস্থা বিস্তারের প্রয়াস চালিয়ে আসছে এ দপ্তর। কৃষি তথ্য সার্ভিস প্রিন্ট ও ইলেকট্রনিক উভয় মাধ্যমে কাজ করে। কৃষি তথ্য সার্ভিস স্বয়ং সম্পূর্ণ ‘বাইকালার অফসেট’ প্রিন্টিং প্রেস যার মাধ্যমে ‘কৃষিকথা’ ও ‘সমপ্রসারণ বার্তা’ প্রকাশ করে আসছে। প্রেস থেকে নিয়মিত সহজ সরল ভাষায় কারিগরি তথ্যসমৃদ্ধ পোস্টার, বুকলেট, লিফলেট, ফোল্ডার ইত্যাদি মুদ্রিত হচ্ছে এবং তা কৃষিজীবি মানুষদের মাঝে বিনামুল্যে বিতরণ করে।
কৃষি তথ্য সার্ভিসের অডিও ভিস্যুয়াল শাখা থেকে নিয়মিত অডিও-ভিডিও স্যুটিং, এডিটিং, টকশো ইত্যাদি সম্পাদন করা হয়ে থাকে। এছাড়া কৃষিভিত্তিক প্রযুক্তিনির্ভর প্রামাণ্য চলচ্চিত্র, স্পট, টিভি ফিলার প্রভৃতি নিয়মিত নির্মাণ করা হয় এ শাখা থেকে। এসব প্রামাণ্য চলচ্চিত্র বিটিভি ও বিভিন্ন টিভি চ্যানেলসহ দেশের সর্বত্র মোবাইল সিনেমা ভ্যানের মাধ্যমে গ্রামাঞ্চলে প্রদর্শিত হচ্ছে। বিটিভি’র জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ এ দপ্তরের সার্বিক তত্তাবধানে নিয়মিত প্রচারিত হচ্ছে। এছাড়াও বর্তমানে এ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বিটিভিতে প্রতিদিন কৃষি সংবাদ প্রচারিত হচ্ছে যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গুর্বত্বপূর্ণ কৃষি বিষয়ক তথ্য ও সংবাদ প্রচারিত হয়ে আসছে। কৃষি তথ্য সার্ভিসের বিভাগীয় ও আঞ্চলিক দপ্তরের কর্মকর্তাগণ প্রতিদিন ক্যামেরায় স্ব স্ব এলাকার গুর্বত্বপূর্ণ ঘটনা ও সফল চাষিদের কার্যকলাপের ভিডিও চিত্র ধারণ ও সংবাদচিত্র প্রস্তুত করে অতি দ্র্বত তা সদর দপ্তরে প্রেরণ করেন। এখানে তা সম্পাদনা করে সংবাদ আকারে চুড়ান্ত প্রচারের জন্য ক্যাসেট বিটিভিতে প্রেরণ করা হয়। তাছাড়া বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমও এ সংস্থার আয়োজনে ও তত্ত্বাবধানে সমপ্রচারিত হচ্ছে।
